জাগ্রত পাহাড় ডেস্ক:
বান্দরবানের আলীকদমে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৩৩ জন রোহিঙ্গাকে আটক করেছে ৫৭ বিজিবি। শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে সদর ইউনিয়নের আমতলী আশ্রয়ণ প্রকল্প থেকে তাদের আটক করা হয়। বিজিবির তথ্য অনুযায়ী, আটককৃতদের মধ্যে ৯ জন নারী, ১০ জন পুরুষ ও ১৪ জন শিশু রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ভোরে অভিযান চালিয়ে আমতলী আশ্রয়ণ প্রকল্পের অফিস তল্লাশি করে তাদের আটক করে। বিজিবি জানিয়েছে, মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠী ও সামরিক জান্তার মধ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘর্ষের কারণে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। এর ফলে বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে।
আলীকদম ৫৭ বিজিবির নায়েক সুবেদার আব্দুর রাজ্জাক জানান, আটক ৩৩ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানোর (পুশব্যাক) কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।