নিউজ ডেস্ক:
ভারতের মেঘালয় রাজ্য পুলিশ বৈধ নথিপত্র ছাড়া প্রবেশের দায়ে ৯ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে রাজ্যের ওয়েস্ট গারো হিলস জেলায় একটি ভ্যানে ভ্রমণের সময় তাদের আটক করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১২টি মোবাইল ফোন, একাধিক সিমকার্ড, ভারতীয় মুদ্রা ও ভুয়া আধার কার্ড উদ্ধার করা হয়েছে। এছাড়া, পুলিশ দুইটি রিকশা ভ্যানও জব্দ করেছে।
এ ঘটনায় তাদের ভারতে প্রবেশে সহযোগিতা করার অভিযোগে তিন ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ৯ বাংলাদেশির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
এর আগে, গত সপ্তাহে ভারতের মুম্বাইয়ের ঘাটকোপার এলাকা থেকে আরও ৯ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাদের কাছে থাকা নথিপত্র যাচাই করে ভারতীয় কর্তৃপক্ষ জানায়, তারা ভুয়া কাগজপত্রের ভিত্তিতে মুম্বাইয়ে বসবাস করছিলেন।