নিউজ ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) হিসেবে নিয়োগ পেয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ও সিনিয়র সাংবাদিক মনির হায়দার। বুধবার (৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মনির হায়দারকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে মনির হায়দার ইত্তেফাক, মানবজমিন, একুশে টেলিভিশন ও জনকণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। বর্তমানে তিনি ‘দ্য গ্রিন চ্যানেল’ অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত বাংলাদেশের রাজনৈতিক ও সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে বিশ্লেষণধর্মী উপস্থাপনা করেন।
