নিউজ ডেস্ক:
মায়ের ফুসফুস ক্যানসারের চিকিৎসার জন্য ঢাকায় এসে মোহাম্মদপুর থেকে নিখোঁজ হওয়া ১১ বছরের কিশোরী আরাবি ইসলাম সুবাকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের একদিন পর তাকে নওগাঁ থেকে উদ্ধার করা হয়।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে সুবার একটি ভিডিও বার্তা ভাইরাল হয়েছে, যেখানে তিনি বলেছেন, “আমি ভালো আছি, সুখে আছি।” ভিডিওতে ক্যামেরার পেছনে থাকা ব্যক্তি তাকে জিজ্ঞাসা করেন, “বাবার সঙ্গে কথা হয়েছে কি না?” উত্তরে তিনি জানান, “হ্যাঁ”, এবং বাবার কাছে ফেরারও সম্মতি দেন।
জানা গেছে, সুবার পরিবার বরিশাল থেকে ঢাকায় আসে মায়ের চিকিৎসার জন্য। তার মা জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটে কেমোথেরাপি নিচ্ছেন। কয়েকদিন আগে সুবাকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকার এক আত্মীয়ের বাসায় ওঠেন তিনি।
রবিবার সন্ধ্যায় ছোট এক ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বেরিয়ে সুবা নিখোঁজ হয়। পরিবার প্রথমে আশপাশে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এ ঘটনার পর সুবার বাবা ইমরান রাজিবের একটি আবেগঘন ফেসবুক পোস্ট ভাইরাল হয়। অনেকেই পোস্টটি শেয়ার করে তাকে খুঁজে পেতে সাহায্য করার আহ্বান জানান। পরে পুলিশ তদন্ত করে তাকে নওগাঁ থেকে উদ্ধার করে।
