নিউজ ডেস্ক:
দেশে অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী ও স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা বলেন, বর্তমানে থানায় সরাসরি গিয়ে এফআইআর (প্রথম তথ্য প্রতিবেদন) দায়ের করতে হয়, যা অনেক ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করে এবং অপব্যবহারের সুযোগ দেয়। এ সমস্যা সমাধানে পুলিশের জন্য ৯৯৯-এর মতো একটি বিশেষ ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেন তিনি, যাতে অভিযোগকারীরা দেশের যেকোনো প্রান্ত থেকে সহজেই মামলা দায়ের করতে পারেন।
আইজিপি বাহারুল আলমকে দ্রুততম সময়ে অনলাইন এফআইআর ফাইলিংয়ের জন্য একটি নতুন ফোন নম্বর চালু করার নির্দেশ দিয়েছেন ড. ইউনূস। পাশাপাশি, অনলাইনে মামলা দায়ের সংক্রান্ত সহায়তা দিতে একটি ডেডিকেটেড কল সেন্টার স্থাপনেরও নির্দেশ দেন, যাতে সাধারণ মানুষ সহজেই তথ্য ও সহায়তা পেতে পারে।
