নিউজ ডেস্ক:
বইমেলার প্রথম দিনে বাংলা একাডেমিতে স্থাপিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত ডাস্টবিনে ময়লা ফেলার পর সেই ছবি ফেসবুকে পোস্ট করে আলোচনার জন্ম দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ ঘটনার পর রবিবার (২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে ব্যাখ্যা দেন তিনি।
শফিকুল আলম জানান, অন্তর্বর্তীকালীন সরকার কেবল তাদের অংশীদারদের প্রতিই নিরপেক্ষ। তিনি বলেন, “শিক্ষার্থী এবং সেইসব রাজনৈতিক দল, যারা শুধু জুলাই অভ্যুত্থান নয়, বরং বছরের পর বছর ধরে আমাদের চুরি হওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রেখেছে, আমরা সরকারে তাদের অংশীদার বলে মনে করি।”
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কসাই বলে উল্লেখ করে তিনি আরও বলেন, “আমাদের অন্যতম প্রধান দায়িত্ব হলো জুলাই গণঅভ্যুত্থানের সময় যারা বিক্ষোভকারীদের হত্যা করেছিল, তাদের বিচার নিশ্চিত করা। আমাদের কাজ হলো শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মানবতাবিরোধী অপরাধের বিচারের আওতায় আনা।”
ফেসবুক পোস্টে তিনি বাকস্বাধীনতার প্রসঙ্গ টেনে বলেন, “গণতন্ত্রে যদি আমরা ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করি, তাহলে হাসিনার বিরুদ্ধে কথা বলার অধিকারও থাকতে হবে।”
তার পোস্টের কারণে সমালোচনার মুখে পড়া আত্মীয়-পরিজন ও বন্ধুদের উদ্দেশে দুঃখপ্রকাশ করে তিনি বলেন, “আমি জানি আমি কী করছি। আমার কাজের পরিণতিও আমি মেনে নিতে প্রস্তুত।“
