নিউজ ডেস্ক:
ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামায় বিপর্যয় ঘটে। মধ্যরাত থেকে সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত কয়েকটি ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে, ছয়টি ফ্লাইট শাহজালালে নামতে ব্যর্থ হয়। এর মধ্যে তিনটি কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে এবং বাকি তিনটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কুয়েত সিটি থেকে আসা কুয়েত এয়ারওয়েজের দুটি ফ্লাইট ও ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট ঢাকার আকাশ থেকে ঘুরে কলকাতায় অবতরণ করে। পরে সকাল ৯টার পর এগুলো শাহজালালে আসে।
এছাড়া, মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে প্রায় ১৬টি ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। এর মধ্যে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই, মাস্কাট, রোম, জেদ্দা ফ্লাইট, এমিরেটস এয়ারলাইন্সের দুবাই ফ্লাইট, গাল্ফ এয়ারের বাহরাইন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই, দোহা, শারজাহ, জেদ্দা, সিঙ্গাপুরগামী ফ্লাইটসহ আরও কয়েকটি আন্তর্জাতিক রুটের উড়োজাহাজ।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণে কয়েকটি ফ্লাইটকে কলকাতা ও সিলেটে ডাইভার্ট করা হয়। তবে সকাল ১০টার পর থেকে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।
এদিকে, একসঙ্গে অনেক ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের অপেক্ষায় থাকায় বিমানবন্দরের রানওয়েতে কিছুটা ট্রাফিকের সৃষ্টি হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জানুয়ারির শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা ও শীত অনুভূত হচ্ছে এবং আগামী কয়েক দিনে কুয়াশার মাত্রা আরও বাড়তে পারে।
