নিউজ ডেস্ক:
ব্যবসায়ীকে অপহরণ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে ছয় কোটি টাকা চাঁদা দাবির মামলায় এস.এস. গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু সাদেককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করেন মামলার তদন্ত কর্মকর্তা, রমনা থানার সাব-ইন্সপেক্টর আব্দুল কাদের।
এর আগে অপহরণের শিকার ব্যবসায়ী জুলফিকার আলী আদালতের নির্দেশে ২৩ জানুয়ারি রমনা থানায় মামলা করেন (মামলা নম্বর ১৪)। মামলায় আসামি করা হয়েছে সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, সাবেক ডিসি ডিবি গোলাম সবুর, তৎকালীন এক অতিরিক্ত ডিআইজি, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তরুণ, আবু সাদেক এবং তার ম্যানেজার মো. শামিমকে।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি ব্যবসায়ী জুলফিকার আলীকে অপহরণ করে ডিবি কার্যালয়ে নিয়ে যায় আসামিরা। সেখানে তাকে নির্যাতন করে ছয় কোটি টাকা দাবি করা হয় এবং এক সপ্তাহের মধ্যে টাকা পরিশোধের আল্টিমেটাম দেওয়া হয়। পরে আরও দুইবার তাকে ডিবি কার্যালয়ে ও ধানমন্ডির ড্রিমস বিউটি পার্লার ও ফিটনেস ক্লাবে নিয়ে নির্যাতন চালানো হয়। অভিযোগ রয়েছে, ওই বিউটি পার্লার ছিল আবু সাদেকের সিন্ডিকেটের কেন্দ্রস্থল, যেখানে বসেই অপহরণ ও চাঁদাবাজির পরিকল্পনা করা হতো।
এছাড়া, নৌপরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে একচেটিয়া আধিপত্য বিস্তারের অভিযোগ রয়েছে আবু সাদেকের বিরুদ্ধে। তিনি সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তার প্রভাব খাটিয়ে ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রণ নেন বলে অভিযোগ উঠেছে।
