নিউজ ডেস্ক:
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পুনরায় সমর্থন এবং ব্যবসা ও উন্নয়ন সহযোগিতা বাড়াতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার আগ্রহ প্রকাশ করেছে জাপান। রোববার (২ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই বার্তা জানান জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় উপমন্ত্রী ইকুইনা আকিকো।
তিনি বলেন, “জাপান বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং সবসময় সমর্থন দিয়ে এসেছে। এই সফরের মূল উদ্দেশ্য বাংলাদেশের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা ও পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করা।”
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাপানকে বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র ও সহায়ক বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, “এই ঐতিহাসিক সময়ে দুই দেশের মধ্যে দৃঢ় সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।”
জাপান বর্তমানে বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন অংশীদার, যা দীর্ঘদিন ধরে দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে উদার সহায়তা দিয়ে আসছে। দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার, এবং জাপান বাংলাদেশের শীর্ষ পাঁচটি রপ্তানি গন্তব্যের একটি। বর্তমানে বাংলাদেশে ৩৫০টিরও বেশি জাপানি কোম্পানি ব্যবসা পরিচালনা করছে।
