নিউজ ডেস্ক:
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত চলাকালে হঠাৎ বিকট শব্দে একটি ড্রোন বাঁশের খুঁটি ও টিনের ছাউনিতে আছড়ে পড়ে। এতে মুসল্লিরা আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছুটোছুটি শুরু করলে অর্ধশতাধিক মুসল্লি আহত হন।
রোববার (২ ফেব্রুয়ারি) টঙ্গী স্টেশন রোড এলাকায় তাবলিগ জামাতের মাওলানা জোবায়েরপন্থী অনুসারীদের প্রথম পর্বের আখেরি মোনাজাত চলাকালে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী মুসল্লিরা জানান, মোনাজাতের সময় হঠাৎ প্রচণ্ড বাতাস আসে, এরপর একটি ড্রোন নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে মুসল্লিরা দিগ্বিদিক ছুটতে থাকেন, যার ফলে অনেকে পড়ে গিয়ে আহত হন।
টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র স্টাফ নার্স মোস্তাফিজুর রহমান জানান, অর্ধশতাধিক আহত মুসল্লি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, ড্রোনটির ব্যাটারি শেষ হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইজতেমা ময়দানের পাশে পড়ে যায়, এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ড্রোনটি কার ছিল, তা এখনো জানা যায়নি।
