পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা: দালালসহ ৩ বাংলাদেশি আটক

নিউজ ডেস্ক:

পঞ্চগড় সদর উপজেলার মুহুরীজোত সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় এক দালালসহ তিন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা তাদের আটক করে।

আটকদের মধ্যে রয়েছেন ঠাকুরগাঁও জেলার নিতাই চন্দ্র রায় (৩৫) ও তার মেয়ে ভূমি রানী (৭)। এসময় পাচারের সঙ্গে জড়িত সন্দেহে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শিবচন্ডি গ্রামের দালাল সাদ্দাম (৩০)কেও আটক করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিরা সীমান্ত পার হওয়ার জন্য ৩০ হাজার টাকা চুক্তি করেছিলেন। অভিযানের সময় আরও ৮ জন দালাল পালিয়ে যায়।

আটকের সময় তাদের কাছ থেকে কাঁটাতার কাটার প্লাস, দুইটি মোবাইল ফোন, রুপার নূপুর ও নগদ ২০ হাজার টাকা জব্দ করা হয়। আটক ব্যক্তিদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করে আইনি প্রক্রিয়া চালানো হচ্ছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।