নিউজ ডেস্ক:
ইউরোপের দেশ ইতালি যেতে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় সাগরে ডুবে মারা গেছেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সুমন মিয়া (৪৩)। লিবিয়ায় থাকা তার এক আত্মীয়ের মাধ্যমে পরিবারের সদস্যরা মৃত্যুর খবর নিশ্চিত হয়েছেন।
সুমনের পরিবার জানায়, স্থানীয় এক দালালের মাধ্যমে চার মাস আগে লিবিয়া যান তিনি। ২৪ জানুয়ারি ২৫ জনের সঙ্গে একটি নৌকায় ইতালির উদ্দেশে রওনা দেন। যাত্রাপথে সাগরে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে মৃত অবস্থায় পাওয়া যায়।
মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন তার স্ত্রী পলি বেগম ও পরিবারের সদস্যরা। পলি বেগম জানান, স্বামীর মৃত্যুর খবর পেলেও দালাল সুইটি তাদের সঙ্গে কোনো যোগাযোগ করেননি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শবনম শারমিন জানান, প্রশাসনের পক্ষ থেকে মরদেহ ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।