মার্কিন অর্থায়ন বন্ধ, আইসিডিডিআর,বি-তে এক হাজারের বেশি কর্মী ছাঁটাই

নিউজ ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) এক হাজারেরও বেশি কর্মকর্তা-কর্মচারিকে ছাঁটাইয়ের নোটিশ দিয়েছে। তাঁরা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) অর্থায়নে পরিচালিত বিভিন্ন গবেষণা প্রকল্পে কর্মরত ছিলেন।

আইসিডিডিআর,বি-এর জ্যেষ্ঠ ব্যবস্থাপক এ কে এম তারিফুল ইসলাম খান জানান, যুক্তরাষ্ট্র সরকারের নির্দেশনা অনুযায়ী ইউএসএআইডির অর্থায়নে চলমান প্রকল্প ও গবেষণা কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “আমরা আশাবাদী যে শীঘ্রই কার্যক্রম পুনরায় শুরু করতে পারব।”

গত ২৫ জানুয়ারি ইউএসএআইডি বিশ্বব্যাপী, তার মধ্যে বাংলাদেশেও, চলমান চুক্তি, কার্যাদেশ, মঞ্জুরি ও প্রকল্পের সব ধরনের কর্মসূচি স্থগিত রাখার নির্দেশ দেয়। এর ফলে আইসিডিডিআর,বি-তে কর্মরত এক হাজারের বেশি গবেষক ও কর্মীর চাকরি অনিশ্চয়তার মুখে পড়েছে।