ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরীর ইসলাম গ্রহণ, সামাজিক মাধ্যমে আলোচনার ঝড়

নিউজ ডেস্ক:

বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী ইসলাম গ্রহণ করেছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) জুমার নামাজের পর রাজধানীর দারুসসালাম শাহী মসজিদে তিনি শাহাদাহ পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলামে প্রবেশ করেন। এ সময় জনপ্রিয় ইসলামী আলোচক আব্দুল হাই সাইফুল্লাহ উপস্থিত ছিলেন।

শাহাদাহ পাঠের আগে মুসল্লিদের উদ্দেশে এক সংক্ষিপ্ত বক্তব্যে দেব চৌধুরী বলেন, ‘আমি সম্পূর্ণ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করছি। যদিও আমি এখনো আরবি পড়তে পারি না, তবে আমার ঘরে কোরআনের বাংলা অনূদিত তিনটি কপি রয়েছে।’

তার ইসলাম গ্রহণের পর মসজিদে উপস্থিত মুসল্লিরা উষ্ণ অভ্যর্থনা জানান, অনেকে তাকে আলিঙ্গন করেন এবং ফুল ও পোশাক উপহার দেন। খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা তৈরি হয়।

বাংলাদেশি ক্রীড়াঙ্গন ও গণমাধ্যমের জন্য এটি এক ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখা হচ্ছে। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম কী হবে এবং এটি তার পেশাগত জীবনে কোনো প্রভাব ফেলবে কি না—এ নিয়েও কৌতূহল তৈরি হয়েছে।