নিউজ ডেস্ক:
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেনকে ফেসবুক লাইভে এসে প্রকাশ্যে হুমকি দিয়েছেন সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ নামে এক সন্ত্রাসী। এ ঘটনায় ওসি বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১০টা ৩৯ মিনিটে নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে ওসি আরিফকে অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি হত্যার হুমকি দেন সাজ্জাদ। ২ মিনিট ২৭ সেকেন্ডের ওই ভিডিওতে তিনি বলেন, “ওসি আরিফ দেশের যে প্রান্তেই থাকেন না কেন, আপনাকে নগরের অক্সিজেনে ধরে এনে পেটাব। প্রয়োজনে আমি মরে যাব, কিন্তু হার মানব না।”
লাইভে সাজ্জাদ দাবি করেন, ওসির বিরুদ্ধে তিনি পুলিশ কমিশনারের কাছে তদন্তের দাবি জানিয়েছেন এবং তার বদলির বিষয়েও কথা বলেছেন। এছাড়া, তার ছেলে মারা যাওয়ার পর স্ত্রী ওসির বিরুদ্ধে হয়রানির মামলা করেছেন বলেও জানান। সাজ্জাদের অভিযোগ, প্রতিশোধ নিতে ওসি প্রতিটি মামলায় তার নাম অন্তর্ভুক্ত করছেন।
এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বায়েজিদ বোস্তামী থানা কর্তৃপক্ষ।