চাঁদার দাবিতে পাহাড়ে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্নের অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে

নিউজ ডেস্ক:

রাঙামাটি ও খাগড়াছড়ির চারটি উপজেলায় মোবাইল ফোন কোম্পানির ১০টি টাওয়ারে হামলা চালিয়ে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, চাঁদার দাবিতে এই হামলা চালানো হয়েছে।

মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন এলাকাগুলো হলো খাগড়াছড়ির দীঘিনালা, মানিকছড়ি, মাটিরাঙ্গা এবং রাঙামাটির নানিয়ারচর। এতে কয়েক লাখ মোবাইল গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেন, ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা, শিক্ষা, ব্যবসা ও প্রশাসনিক কার্যক্রম।

গত ২২ জানুয়ারি ভোরে ইউপিডিএফের সন্ত্রাসীরা খাগড়াছড়ির ছয়টি ও রাঙামাটির চারটি মোবাইল টাওয়ারে সমন্বিত হামলা চালিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও সার্ভার রুম ভাঙচুর করে। তারা কিছু যন্ত্রপাতিও লুট করে নিয়ে যায়।

এক মোবাইল অপারেটর কর্মকর্তা জানান, ইউপিডিএফ সম্প্রতি টাওয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে বড় অঙ্কের চাঁদা দাবি করেছিল। দাবি প্রত্যাখ্যানের পরই হামলা হয়। এখন স্থানীয়রা নেটওয়ার্ক বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন এবং আতঙ্কে দিন কাটাচ্ছেন।

ইউপিডিএফ হুঁশিয়ারি দিয়েছে, তাদের দাবি মানা না হলে পার্বত্য চট্টগ্রামের অন্যান্য এলাকাতেও এমন হামলা চালানো হবে। বিশ্লেষকদের মতে, এ ধরনের ঘটনা শুধু পাহাড়ের নিরাপত্তাকে চ্যালেঞ্জের মুখে ফেলছে না, বরং সহিংসতার হাতিয়ার হিসেবে ডিজিটাল অবকাঠামোর ব্যবহারকে বিপজ্জনক নজির হিসেবে তুলে ধরছে।

সূত্র: যমুনা টিভি।