ওয়াশিংটনে যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ, পোটোম্যাক নদীতে বিধ্বস্ত

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে যাত্রীবাহী বিমান ও সামরিক বাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষে উভয় উড়োজাহাজ পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) রাতে রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত যাত্রীবাহী বিমানে ৬৪ জন যাত্রী ছিলেন।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, পিএসএ এয়ারলাইন্সের ফ্লাইট-৫৩৪২, যা আমেরিকান এয়ারলাইন্সের জন্য পরিচালিত হচ্ছিল, ক্যানসাসের উইচিটা থেকে ওয়াশিংটন রিগ্যান বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করেছিল। এ সময় সেটির সঙ্গে মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টারের সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পরপরই একাধিক সংস্থা উদ্ধার অভিযান শুরু করেছে। আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, তারা দুর্ঘটনার বিষয়ে অবগত এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।