নিউজ ডেস্ক:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় মাধুরী রায় (৫৫) নামে এক বৃদ্ধাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরিবারের অন্য সদস্যরা ভারতের অভ্যন্তরে প্রবেশ করলেও অসুস্থতার কারণে সীমান্ত পার হতে না পারায় তাকে আটক করা হয়।
মাধুরী রায় পীরগঞ্জ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাসিন্দা এবং মৃত কবি রায়ের স্ত্রী। মঙ্গলবার (২৮ জানুয়ারি) চাঁন্দেরহাট বিওপির টহল দল ভবানীপুর সীমান্ত পিলার ৩৩৩-এর কাছ থেকে তাকে আটক করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ জানুয়ারি) রাতে মাধুরীর ছেলে কষ্ঠু তার স্ত্রী, দুই সন্তান এবং মাকে নিয়ে সীমান্তে যান। কষ্ঠু এবং তার পরিবার সীমান্তের কাঁটাতারের বেড়া অতিক্রম করতে পারলেও অসুস্থ মাধুরী রায় সীমান্তেই থেকে যান। পরদিন সকালে বিজিবি টহল দল তাকে আটক করে।
পীরগঞ্জ উপজেলার দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান সনাতন চন্দ্র জানান, বিজিবি আটক বৃদ্ধাকে মানবিক দিক বিবেচনায় তার জিম্মায় দেয়। পরে তিনি মাধুরী রায়কে নিজ বাড়িতে পৌঁছে দেন। বর্তমানে তিনি তার নিজ গ্রামে অবস্থান করছেন।
৪২ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, “বিজিবি টহল দল বৃদ্ধাকে আটক করে। তার শারীরিক অবস্থা বিবেচনায় থানায় না পাঠিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়েছে।”