জাগ্রত পাহাড় ডেস্ক:
রাঙ্গামাটি মেডিকেল কলেজে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) কলেজের অধ্যক্ষ ডা. প্রীতি প্রসূন বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।
গত বছরের ১৬ জুলাই সংঘটিত এ ঘটনার প্রায় সাত মাস পর কলেজ কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। সিট বরাদ্দ কমিটির সমন্বয়ক ড. হাবিবুল ইসলাম চৌধুরীর স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আয়াত শরীফকে দুই বছরের জন্য একাডেমিক কার্যক্রম থেকে এবং আজীবনের জন্য কলেজ ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়া সহ-সাধারণ সম্পাদক ও ৭ম ব্যাচের বিক্রম আদিত্য চাকমা, সাংগঠনিক সম্পাদক ও ৮ম ব্যাচের ইমতিয়াজ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও ৮ম ব্যাচের সৃজন কান্তি দে, সাংগঠনিক সম্পাদক ও ৯ম ব্যাচের অভিজিৎ কুমার বৈদ্য এবং সাংগঠনিক সম্পাদক ও ৯ম ব্যাচের সিং সিং এ মংকে তিন মাসের জন্য হোস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে।
নোটিশে বলা হয়, ১৬ জুলাই সংঘটিত সংঘাতময় ঘটনার পর সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কৃতদের আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে কলেজ হোস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।