শরীয়তপুরে মাদ্রাসা থেকে ফেরার পথে পাঁচ বছরের শিশু আয়েশাকে অপহরণ

নিউজ ডেস্ক:

শরীয়তপুরের পৌর বাসস্ট্যান্ড এলাকার তালুকদার বাড়ির সামনে থেকে পাঁচ বছর বয়সী আয়েশা নামের এক শিশুকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আয়েশা শহরের জাকির তালুকদারের মেয়ে।

জানা গেছে, মাদ্রাসা থেকে ফেরার পথে আয়েশাকে একটি অটোরিকশায় তুলে নিয়ে যায় অপহরণকারীরা। এ সময় তার সঙ্গে থাকা আরও দুই শিশুকে তুলে নেওয়ার চেষ্টা করা হয়, তবে তারা দৌড়ে পালিয়ে রক্ষা পায়।

শিশুটির চাচাতো ভাই বাপ্পি তালুকদার জানান, “আমাদের বাড়ির সামনে থেকে দুই নারী ও এক পুরুষ এসে আয়েশাকে অপহরণ করে নিয়ে যায়। তারা আমার মেয়েসহ আরও দুজনকে অটোতে উঠানোর চেষ্টা করলেও তারা দৌড়ে পালিয়ে যায়। খবর পেয়ে বাড়ির লোকজন আসার আগেই অপহরণকারীরা পালিয়ে যায়।”

এ বিষয়ে পালং মডেল থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, “আমরা সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনের মাধ্যমে অপহরণের বিষয়টি জেনেছি। শিশুটিকে উদ্ধার করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।”