নিউজ ডেস্ক:
খুলনা মহানগরীর তেঁতুলতলা মোড়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন অর্ণব সরকার (২৫), যিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। অর্ণব ইসলাম কমিশনারের মোড় এলাকার বাসিন্দা নীতিশ সরকারের ছেলে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অর্ণব তেঁতুলতলা মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন। হঠাৎ সন্ত্রাসীরা সেখানে এসে তাঁকে গুলি করে পালিয়ে যায়। আহত অবস্থায় তাঁকে দ্রুত নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকেই হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন ওসি। তবে হত্যার কারণ এখনো স্পষ্ট নয়। তদন্ত চলছে।