নিউজ ডেস্ক:
চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে জাহাঙ্গীর আলম (৪৫) নামের এক শুঁটকি ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গুলিতে তার সঙ্গে থাকা আরও একজন আহত হন।
নিহত জাহাঙ্গীর আলম মিয়ানমার থেকে শুঁটকি আমদানি করতেন এবং নোয়াপাড়ার সাবেক ইউপি সদস্য আবু সৈয়দের ছেলে। পরিবারের দাবি, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে হত্যা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ব্যবসায়িক কাজে মিয়ানমার থেকে দেশে ফেরেন জাহাঙ্গীর। পরদিন শুক্রবার দুপুরে মোটরসাইকেলে করে নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে কয়েকজন যুবক তার পথরোধ করে। এক পর্যায়ে তারা তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই জাহাঙ্গীর মারা যান এবং তার সঙ্গে থাকা ব্যক্তি গুলিবিদ্ধ হন।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে এখনো কেউ আটক বা শনাক্ত হয়নি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।