হাজারীবাগে জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি স্বর্ণ লুট

নিউজ ডেস্ক:

রাজধানীর হাজারীবাগ সেকশন এলাকায় এক জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১১টার দিকে সেকশন বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী সজল রাজবংশী (৩৭) কামরাঙ্গীরচরে একটি স্বর্ণের দোকানের মালিক। ঘটনার রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে একাধিক মোটরসাইকেলে ৭-৮ জন দুষ্কৃতকারী তার গতিরোধ করে। সজলের পায়ে গুলি চালিয়ে তারা তার কাঁধে থাকা স্বর্ণের ব্যাগ ছিনিয়ে নেয়।

আহত অবস্থায় সজলকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ ফারুক জানান, রাত সোয়া ১২টার দিকে সজলকে আহত অবস্থায় ঢামেকে নিয়ে আসেন তার স্বজনরা। প্রাথমিক চিকিৎসার পর তাকে বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সজলের ভাই জয় রাজবংশী জানান, তাদের পরিবার হাজারীবাগ সেকশন বেড়িবাঁধ এলাকায় বসবাস করে। ছিনতাইকারীরা পরিকল্পিতভাবে সজলের পথ আটকিয়ে গুলি করে স্বর্ণ লুট করে।

এদিকে, একইদিন ধানমন্ডি ও কারওয়ান বাজার এলাকায় আরও দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।