নিউজ ডেস্ক:
নোয়াখালীর সদর উপজেলায় প্রেমে ব্যর্থ হয়ে মাহামুদুর হাসান (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহর মাইজদীর হাউজিং বালুর মাঠ এলাকার নুর মহলের তৃতীয় তলায় নির্মাণাধীন একটি কক্ষে তিনি গলায় মাফলার পেঁচিয়ে ফাঁস নেন।
মাহামুদুর হাসান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছোট সোনাইমুড়ী গ্রামের মো. হারুন অর রশীদের ছেলে। তিনি চৌমুহনী বাজারের একটি মোবাইল ফোন সার্ভিসিং দোকানে কাজ করতেন। গত ছয় মাস ধরে তিনি মাইজদীর নুর মহল এলাকায় একাধিক ভাড়াটিয়ার সঙ্গে একটি রুম শেয়ার করে থাকছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহামুদুর এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। প্রেমে ব্যর্থ হয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং গত কয়েকদিন ধরে বিষণ্ন ছিলেন। সবার অগোচরে তিনি ওই কক্ষের জানালার গ্রিলের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে সুধারাম মডেল থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে রাত ১০টার দিকে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুর ইসলাম বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”