নিউজ ডেস্ক:
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ছড়ারকুল বালুরটাল এলাকায় একটি জঙ্গলে অজ্ঞাত এক নারীর (প্রায় ১৯ বছর বয়সী) পোড়ানো ও অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
স্থানীয়রা প্রথমে লাশটি দেখতে পেয়ে সরকারি জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। পরে হাটহাজারী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়।
ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তারা জানান, লাশটি এতটাই পোড়া যে এটি শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২ থেকে ৩ দিন আগে নারীটিকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন জানান, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। হত্যার কারণ ও দায়ীদের শনাক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।