নিউজ ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম এলাকার একটি গাছ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করেন। এর আগে সকাল ৯টার দিকে শিক্ষার্থীরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশ ও প্রক্টরিয়াল টিমকে খবর দেন।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ক্লাসে আসার সময় জিমনেসিয়াম এলাকার একটি গাছের ডালে মরদেহ ঝুলতে দেখেন। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
ফায়ার সার্ভিসের একজন কর্মী জানান, উদ্ধার করা ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তার পরিচয় এখনও শনাক্ত হয়নি। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুদ্দিন আহমদ বলেন, ঘটনাটি জানতে পেরে দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। তারা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
শাহবাগ থানার ওসি মনসুর খালিদ জানান, মরদেহের সঠিক পরিচয় ও মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
