নিউজ ডেস্ক:
খাগড়াছড়ির গুইমারায় সিন্দুকছড়ি জোনের সেনাবাহিনীর অভিযানে প্রায় দুই একরজুড়ে থাকা গাঁজাক্ষেত ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের অধীন গড়াইছড়ি সেনা ক্যাম্পের তত্ত্বাবধানে তিন্দুকছড়ি এলাকার গভীর অরণ্যে এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে পাহাড়ের একটি আঞ্চলিক সশস্ত্র সংগঠনের সন্ত্রাসীরা এই গাঁজাক্ষেতগুলো গোপনে পরিচালনা করে আসছিল। এসব তথ্যের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের অধিনায়ক লে. কর্নেল ইসমাইল শামস আজিজির নির্দেশনায় এবং জোন উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক তাসনিমের নেতৃত্বে সেনা সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানে ধ্বংস হওয়া গাঁজাক্ষেতের মূল্য আনুমানিক এক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এমন অভিযান অব্যাহত থাকবে।
