লামায় পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে চার ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানা

জাগ্রত পাহাড় ডেস্ক:

অদ্য ২০ জানুয়ারি ২০২৫, বান্দরবান জেলার লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের অভিযোগে চারটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। লামা উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয় এবং লামা বন বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব।

এসময় MBI ব্রিক ফিল্ডকে ২ লাখ টাকা এবং SBW, 5BM ও DBM ব্রিক ফিল্ডকে পৃথকভাবে ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়। চারটি মামলায় মোট ১১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ১৮০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয় এবং ইটভাটাগুলোর চুল্লির আগুন পানি দিয়ে নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রেজাউল করিম। অভিযানে লামা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা এস এম হাবিবুল্লাহ, লামা পুলিশ প্রশাসন ও লামা ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।