নিউজ ডেস্ক:
পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যদের ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে ১৮টি প্রস্তাবিত পোশাকের মডেল প্রদর্শন করা হয়। সেখান থেকে নতুন পোশাক নির্বাচন করা হবে। সংশ্লিষ্টদের মতে, বাহিনীগুলোর সদস্যদের কর্মক্ষমতা ও মনোবল বাড়ানোর জন্য আধুনিক ও মানানসই ইউনিফর্মের প্রয়োজন।
এর আগে, অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন গত বছরের ১১ আগস্ট পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের কথা উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, ‘‘পুলিশের বর্তমান ইউনিফর্মে অনেকের মনোবল কমে গেছে। দ্রুত এই পরিবর্তন আনা প্রয়োজন।’’
তিনি আরও বলেন, ‘‘পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে কমিশনের অধীনে পরিচালিত হওয়া উচিত। রাজনৈতিক ব্যবহার বন্ধ করতে হবে, যা বাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সহায়ক হবে।’’
নতুন ইউনিফর্মের নকশা চূড়ান্ত করার পর শিগগিরই তা মাঠপর্যায়ে বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছে।
