নিউজ ডেস্ক:
সীমান্তে শৃঙ্খলা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবার থেকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করতে পারবে। সোমবার (২০ জানুয়ারি) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সীমান্তে বিজিবির কার্যক্রম আরও শক্তিশালী করতে নতুন সরঞ্জাম প্রয়োজন।
বৈঠকে বলা হয়, চোরাচালান, অনুপ্রবেশসহ অন্যান্য সীমান্ত সমস্যায় বিজিবিকে কার্যকর ভূমিকা রাখতে হবে। এজন্য সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলের মতো সরঞ্জাম কেনার প্রক্রিয়া দ্রুত শুরু হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, এখন পর্যন্ত সীমান্তে বিজিবির হাতে মারণাস্ত্র থাকলেও অ-প্রাণঘাতী সরঞ্জামের অভাব রয়েছে। জনমনে প্রশ্ন উঠেছে, বিজিবি কেন সাউন্ড গ্রেনেড বা টিয়ার শেল ব্যবহার করেনি। এই ঘাটতি পূরণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। শনিবার (১৮ জানুয়ারি) ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ও তাদের সীমান্তবর্তী বাসিন্দারা বাংলাদেশের ভেতরে প্রবেশ করে আমগাছ কেটে নষ্ট করে। স্থানীয় কৃষকরা প্রতিবাদ করলে বিএসএফ হাতবোমা ছোড়ে, যার ফলে পাঁচজন বাংলাদেশি আহত হন।
