নিউজ ডেস্ক:
বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। হামলাকারী বাংলাদেশি নাগরিক বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি মোহাম্মদ শরীফ উল ইসলাম শেহজাদ, যিনি বিজয় দাস নামে পরিচিত ছিলেন। তার বয়স ৩০ বছর।
মুম্বাই পুলিশের তথ্য অনুযায়ী, শরীফ ছয় মাস আগে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করেন। এরপর থেকে মুম্বাইয়ে বসবাস করছিলেন এবং স্থানীয় একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করতেন। রোববার (১৯ জানুয়ারি) ভোরে সাইফের বাড়ি থেকে ৩৫ কিলোমিটার দূরে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে খার থানায় রাখা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে ডিসিপি দীক্ষিত গেদাম জানান, অভিযুক্তের কাছে কোনো বৈধ ভারতীয় নথি পাওয়া যায়নি। তার কাছ থেকে কিছু নথি উদ্ধার করা হয়েছে, যা প্রমাণ করে তিনি বাংলাদেশি নাগরিক। হামলার আগে সাইফের বাসভবনে প্রবেশের চেষ্টা করেছিলেন বলেও ধারণা করা হচ্ছে।
মুম্বাই পুলিশের প্রাথমিক ধারণা, শরীফ ভারতে প্রবেশের পর নিজের নাম পরিবর্তন করে বিজয় দাস নামে পরিচিত হন। তিনি মূলত মুম্বাই ও আশেপাশে বসবাস করতেন। পুলিশের মতে, ছুরিকাঘাতের ঘটনার সঙ্গে জড়িত অস্ত্রের কিছু অংশও উদ্ধার করা হয়েছে। এর আগে ছত্তিশগড় থেকে সন্দেহভাজন আকাশ কানোজিয়াকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশের হাতে হস্তান্তর করা হয়।