নিউজ ডেস্ক:
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৮ জানুয়ারি) রাতে রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গত ২ জানুয়ারি মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৬২২ টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম তাকে আদালতে হাজির করার প্রস্তুতি নিচ্ছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মাসুদ বিশ্বাস তার অবৈধ সম্পদ নিজ নামে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা রুজু করা হয়েছে।
এছাড়া, তার স্ত্রী কামরুন নাহারের নামে জ্ঞাত আয়বহির্ভূত ৭২ লাখ ৫৬ হাজার ৯৯৯ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এ জন্য তার বিরুদ্ধেও দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(১) ধারায় পৃথকভাবে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়েছে।