গ্যাস লাইটার বিস্ফোরণে জাতীয় কবি কাজি নজরুল ইসলামের নাতি দগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

নিউজ ডেস্ক:

রাজধানীর বনানীতে গ্যাস লাইটার বিস্ফোরণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) গুরুতর দগ্ধ হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) ভোরে দুর্ঘটনাটি ঘটে। সকাল পৌনে ৭টায় তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, বাবুল কাজীর শরীরের ৭৪ শতাংশ পুড়ে গেছে এবং শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বাবুল কাজী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি। নজরুল ইসলামের চার সন্তানের মধ্যে দ্বিতীয় পুত্র কাজী সব্যসাচীর ছেলে তিনি। কাজী সব্যসাচী ও উমা কাজীর তিন সন্তানের মধ্যে বাবুল কাজী সবচেয়ে ছোট। তার বড় দুই বোন খিলখিল কাজী ও মিষ্টি কাজী।

উল্লেখ্য, কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালে পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। প্রমীলা দেবীর সঙ্গে তার বিবাহিত জীবনে চার পুত্রসন্তান জন্মগ্রহণ করলেও কেউ দীর্ঘায়ু পাননি।