ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী ভাতা: নতুন উদ্যোগ

নিউজ ডেস্ক:

দেশের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য সুখবর। অন্তর্বর্তী সরকার প্রায় সাড়ে তিন লাখ মসজিদের ১৭ লাখ ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের জন্য নিয়মিত সম্মানী ভাতা প্রদানের উদ্যোগ নিয়েছে। প্রাথমিকভাবে দেশের ১০ শতাংশ মসজিদে এই কর্মসূচি চালু হবে, যা পর্যায়ক্রমে সব মসজিদের জন্য বাস্তবায়ন করা হবে।

ইমামদের মাসিক সম্মানী হিসেবে দেওয়া হবে ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৪ হাজার এবং খাদেমরা পাবেন ৩ হাজার টাকা। প্রতিটি মসজিদের জন্য সরকার ১২ হাজার টাকা বরাদ্দ করবে। এ লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে। ইফার সচিব মোহাম্মদ ইসমাইল হোসেনকে প্রধান করে গঠিত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—পরিচালক (সমন্বয়) মো. মহিউদ্দিন, পরিচালক (প্রকাশনা) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, পরিচালক (ইমাম প্রশিক্ষণ একাডেমি) মো. রেজ্জাকুল হায়দার, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উপপ্রকল্প পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন, সহকারী পরিচালক (প্রশাসন) মো. মোস্তাফিজুর রহমান এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রশাসন বিভাগের উপপরিচালক এ কে এম মুজাহিদুল ইসলাম।

ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় এ কর্মসূচি দেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনতে নেওয়া হয়েছে। মসজিদের পাশাপাশি মন্দিরের পুরোহিতসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরাও এই ভাতার আওতায় আসবেন।