নিউজ ডেস্ক:
বান্দরবানের লামা উপজেলায় মদ খাওয়াকে কেন্দ্র করে শ্যালকের পিটুনিতে আহত ধুংচিং মং মার্মা (৪০) নামে এক ব্যক্তি চার দিন পর মারা গেছেন। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকেলে লামার ইয়াংছা নাকস্থানে মারা যান তিনি।
নিহত ধুংচিং মং মার্মা লামা সদর ইউনিয়নের মেরাখোলা মার্মা পাড়ার বাসিন্দা মৃত অংথোয়াই অং মার্মার ছেলে। এ ঘটনায় অভিযুক্ত শ্যালক মংচুইসা মার্মা (৩১) পলাতক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার রুপসীপাড়া ইউনিয়নের উহ্লামং মেম্বার পাড়ায় মদ খাওয়া নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে মংচুইসা মার্মা দুলাভাই ধুংচিং মং মার্মাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। অবস্থার অবনতি হলে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চার দিন চিকিৎসাধীন থাকার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে লামায় ফেরার সময় তার মৃত্যু হয়।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় অভিযুক্ত মংচুইসা মার্মাকে আটকের জন্য অভিযান চলছে।