নিউজ ডেস্ক:
যুদ্ধবিরতির চুক্তি ঘোষণার পরও গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। এ পর্যন্ত নতুন করে নিহত হয়েছেন ৮৭ জন, যাদের মধ্যে ২১ শিশু ও ২৫ নারী রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১৭ জানুয়ারি) এ তথ্য জানা যায়।জাবালিয়ায় এক ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছেন ২০ জন।
এছাড়া খান ইউনিসসহ গাজার বিভিন্ন এলাকায় চালানো হয়েছে ব্যাপক বিমান হামলা।যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রোববার (১৯ জানুয়ারি) থেকে। তবে ফিলিস্তিনিরা আশঙ্কা করছে, এর আগেই আরও ভয়াবহ হামলা চালানো হতে পারে। এর ফলে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগেই চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কাও দেখা দিয়েছে।
হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের আগ্রাসনে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ৪৬ হাজার ৮০০ ফিলিস্তিনি। আহত হয়েছেন ১ লাখ ১০ হাজারের বেশি।প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আকস্মিক হামলা চালালে ১২শ’ মানুষ নিহত হন এবং ২৪০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়।
বন্দিবিনিময়ের আওতায় প্রায় ১০০ জনকে মুক্তি দেওয়া হলেও সেই ঘটনার পর থেকেই গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা অব্যাহত রয়েছে।