নিউজ ডেস্ক:
কক্সবাজারের টেকনাফে মোচনী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক বসতঘরসহ বিভিন্ন স্থাপনা পুড়ে গেছে। এতে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ১০টা ১৫ মিনিটে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া মোচনী নিবন্ধিত ক্যাম্পের পি-৩ ব্লকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মোহাম্মদ কাউসার সিকদার জানান, এক ব্যক্তির বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশের ঘর ও স্থাপনায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এপিবিএন পুলিশ ও স্থানীয় রোহিঙ্গারা আগুন নেভানোর চেষ্টা চালায়।
পরে টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে শতাধিক ঘর পুড়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন স্থাপনা ধ্বংস হয়ে গেছে।
টেকনাফ ফায়ার সার্ভিসের অভিযানিক দলনেতা মুকুল কুমার নাথ বলেন, “আগুন নেভানোর পর ধ্বংসস্তূপ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।”
ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে জানা যায়, আগুন একটি ঘর থেকে শুরু হয়। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
