ঢাবিতে যুবক তোফাজ্জলকে নির্যাতন-হত্যা: ২১ শিক্ষার্থীর বিরুদ্ধে চার্জশিট দাখিল

নিউজ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নির্যাতনের পর যুবক তোফাজ্জল হত্যাকাণ্ডে ২১ শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে শাহবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই চার্জশিট জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক মো. আসাদুজ্জামান।

মামলার প্রধান ছয় আসামি—জালাল মিয়া, সুমন মিয়া, মো. মোত্তাকিন সাকিন, আল হোসেন সাজ্জাদ, আহসান উল্লাহ ও ওয়াজিবুল আলম—কারাগারে আছেন। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি ১৫ আসামি, যাদের মধ্যে ফিরোজ কবির, আবদুস সামাদ ও সাকিব রায়হান উল্লেখযোগ্য, এখনো পলাতক। পরবর্তী শুনানির জন্য আগামী ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় ফজলুল হক মুসলিম হলের গেটে তোফাজ্জল সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় তাকে আটক করেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র। প্রথমে তাকে মোবাইল চুরির অভিযোগে গেস্টরুমে নিয়ে মারধর করা হয়। পরবর্তী সময়ে তার মানসিক অবস্থার ব্যাপারে ধারণা পেয়ে তাকে ক্যানটিনে খাবার খাওয়ানো হয়। এরপর আবার দক্ষিণ ভবনের গেস্টরুমে নিয়ে গিয়ে জানালার সঙ্গে হাত বেঁধে স্ট্যাম্প, হকিস্টিক ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়।

অচেতন অবস্থায় তাকে আবাসিক শিক্ষকদের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা ১৯ সেপ্টেম্বর রাত ১২টা ৪৫ মিনিটে তোফাজ্জলকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পরদিন ১৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ শাহবাগ থানায় মামলা করেন।