নিউজ ডেস্ক:
হোটেল ও রেস্তোরাঁ খাতে খাবারের বিলের ওপর ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। আগের মতোই রেস্তোরাঁর খাবারের বিলের ওপর ৫ শতাংশ ভ্যাট আরোপ থাকবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সিদ্ধান্ত নিয়েছে এবং আজ এ বিষয়ে আদেশ জারি করবে।বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এনবিআরের মূসক আইন ও বিধি বিভাগের দ্বিতীয় সচিব ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৯ জানুয়ারি অধ্যাদেশ জারি করে হোটেল ও রেস্তোরাঁ খাতে ভ্যাট ১৫ শতাংশ করা হয়েছিল। তবে সমালোচনার মুখে তা আবার আগের ৫ শতাংশে ফিরিয়ে নেওয়া হচ্ছে।
গত ৯ জানুয়ারি ভ্যাট বৃদ্ধির ঘোষণার পর থেকেই ব্যবসায়ী মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি ভ্যাট হার কমানোর দাবিতে বৃহস্পতিবার মানববন্ধনের ঘোষণা দেয়।এরপর, বুধবার (১৫ জানুয়ারি) প্রথম সচিব (মূসক নীতি) মশিউর রহমানের সই করা এক চিঠিতে এনবিআর জানায়, রেস্তোরাঁ মালিক সমিতির পাঠানো পত্র গুরুত্ব সহকারে পর্যালোচনা করে ভ্যাট হার পুনর্বিবেচনা করা হয়েছে। এনবিআর সমিতির সহযোগিতায় ভ্যাট ব্যবস্থাপনায় উন্নতি ও রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে আগ্রহী।
এছাড়া, আরও কিছু পণ্যে ভ্যাট কমানোর বিষয়টি নিয়ে এনবিআর চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন বদরুজ্জামান মুন্সী। তবে এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।