নিউজ ডেস্ক:
১৫ মাস ধরে চলা ইসরায়েলি বর্বরতার অবসান ঘটাতে ফিলিস্তিনে এসেছে শান্তির বার্তা। কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বুধবার দোহায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে হামাস ও ইসরায়েলি নেতানিয়াহু প্রশাসন। এমন খবরে ফিলিস্তিন উপত্যকাজুড়ে বইছে উচ্ছ্বাসের জোয়ার।
যুদ্ধবিরতির ঘোষণা আসার পরপরই গাজার রাস্তায় আনন্দে মেতে ওঠেন স্থানীয় বাসিন্দারা। খান ইউনিসসহ বিভিন্ন এলাকায় মানুষ উৎসবে মেতে উঠেছে। স্লোগানে মুখরিত রাস্তা, শিশুদের নাচ-গান, আর আতশবাজির আলোয় উদ্ভাসিত পুরো গাজা।
বাংলাদেশ সময় বুধবার রাতে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিরতির ঘোষণা দেন। তিনি জানান, হামাস-ইসরায়েল চুক্তিতে জিম্মি মুক্তির বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। রোববার থেকে চুক্তিটি কার্যকর হবে।
এর আগে বিভিন্ন গণমাধ্যমে আলোচনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে যুদ্ধবিরতির সংবাদ প্রকাশ হলে ফিলিস্তিনজুড়ে মানুষ আনন্দে ভেসে যায়। দীর্ঘ অস্থিরতার পর এই শান্তি ফিলিস্তিনবাসীর কাছে এক নতুন ভোরের বার্তা নিয়ে এসেছে।