জাগ্রত পাহাড় ডেস্ক:
বান্দরবান অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত অন্তঃসত্ত্বা স্ত্রী রুপা আক্তারকে হত্যার দায়ে মো. হায়দার আলী (৩২) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিচারক অরুণ পাল আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। পাশাপাশি হায়দারকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।
মো. হায়দার আলী রাঙামাটি জেলার রাইখালী ইউনিয়নের খন্তাকাটা গ্রামের মৃত লতিফুর রহমানের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, সাত বছর আগে রুপা আক্তারকে বিয়ে করেন হায়দার। ২০২১ সালের ৮ আগস্ট চাচির বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে স্ত্রীকে নিয়ে বের হন তিনি। সেদিন রাতে রুপা আর বাড়ি ফেরেননি।
পরদিন বান্দরবানের গলাচিপা মুসলিমপাড়া এলাকায় সড়কের পাশের ঝোপ থেকে মুখ ও হাত বাঁধা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে রুপার পরিবার মরদেহটি শনাক্ত করে এবং ময়নাতদন্ত শেষে তার বাবা নুরুল ইসলাম সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
পাবলিক প্রসিকিউটর মো. আলমগীর চৌধুরী বলেন, “আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়েছে। আদালতে দেওয়া স্বীকারোক্তি এবং সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে হায়দার আলীকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।”
