নিউজ ডেস্ক:
কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি বাথরুম থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে এফ-৭৫ ব্লকের একটি বাথরুম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, রোহিঙ্গা ক্যাম্পের মৃত রশিদ আহম্মদের স্ত্রী মমতাজ বেগম (৫৫) এবং তার মেয়ে সুবাইদা বিবি (১৮)।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মো. সিরাজ আমিন জানান, ভোরে নিহতদের পরিবারের সদস্য নুরুল হক ও রবিউল আলম নামাজ পড়ার সময় পাশের কক্ষে লাইট জ্বালানো দেখতে পান। তারা মা ও বোনকে খুঁজে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে শেডের পাশে একটি বাথরুম ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে পাশের আরেকটি বাথরুমে উঁকি দিয়ে তাদের মেঝেতে পড়ে থাকতে দেখেন।
উখিয়া থানার ওসি মো. আরিফ হোছাইন জানান, মমতাজ বেগমের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে সুবাইদা বিবির কপালে লালচে দাগ, গলায় দাগ ও কানের পেছনে সামান্য রক্তের চিহ্ন দেখা গেছে। এটি স্বাভাবিক মৃত্যু নাকি হত্যাকাণ্ড তা নিশ্চিত করতে তদন্ত চলছে।
মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
