নিউজ ডেস্ক:
ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম (অব.)-কে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর তার বাসা থেকে তাকে আটক করা হয়।
সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গুম ও খুনের সহযোগিতায় অভিযুক্ত এই অবসরপ্রাপ্ত জেনারেলের বিরুদ্ধে বর্তমান অর্ন্তবর্তী সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগও রয়েছে।
তবে তাকে গ্রেপ্তার করা হবে নাকি জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হবে, এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুমের মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।
শেখ হাসিনা সরকারের পতনের পর লে. জেনারেল সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। এরপর গত ১০ সেপ্টেম্বর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
এর আগেই, গত ৩ সেপ্টেম্বর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সাইফুল আলম এবং তার পরিবারের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দেয়। এ নির্দেশনার আওতায় তার স্ত্রী-সন্তানের নামে থাকা ব্যাংক হিসাব এবং তাদের মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাবও স্থগিত করা হয়।
বিস্তারিত তথ্য আসছে…
