নিউজ ডেস্ক:
পবিত্র জমজমের পানি মুসলিম ধর্মপ্রাণ মানুষের কাছে এক অনন্য সম্মানের প্রতীক। তবে এই ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে তুরস্কে এক ব্যক্তি ট্যাপের পানি জমজমের পানি হিসেবে বিক্রি করে বিপুল অর্থ আয় করেছেন। তুরস্কের পুলিশ রবিবার বিলাল নামের ওই প্রতারককে গ্রেপ্তার করেছে।
৯ কোটি লিরার প্রতারণা
গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, বিলাল ট্যাপের পানিকে জমজমের পানি বলে বোতলে ভরে বিক্রি করছিলেন। বোতলের গায়ে জমজমের পানির লেবেল লাগিয়ে সেটিকে আসল জমজম পানি হিসেবে বাজারজাত করতেন। প্রতিদিন প্রায় ২০ টন ভুয়া পানি বিক্রি করে গত পাঁচ মাসে প্রায় ৯ কোটি লিরা (প্রায় ৩০ কোটি টাকা) আয় করেন তিনি।
অভিযানে ১৫ হাজার লিটার ভুয়া পানি উদ্ধার
পুলিশের জিজ্ঞাসাবাদে বিলাল জানান, তুরস্কে বাজারে বিক্রি হওয়া জমজমের পানির বেশিরভাগই আসলে ট্যাপের পানি। এই পানিগুলো আদানা শহরের একটি ওয়্যারহাউসে সংরক্ষণ করা হতো। বিলালের দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১৫ হাজার লিটার ভুয়া জমজমের পানি উদ্ধার করেছে।
বাজারে সহজলভ্য ভুয়া বোতল
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, বিভিন্ন আকারের বোতলে এই ভুয়া পানি বিক্রি করা হচ্ছিল। এগুলো সাধারণ তুর্কি বাজারে সহজেই পাওয়া যেত।