ঢাকায় বায়ুদূষণ চরমে, বিশ্বে শীর্ষে রাজধানীর বাতাস

নিউজ ডেস্ক:

শীতের মৃদু তেজ থাকলেও ঢাকার বায়ুদূষণ থেমে নেই। শুষ্ক আবহাওয়ায় রাজধানীর বাতাসে দূষণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। সোমবার (১৩ জানুয়ারি) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচকে বিশ্বের ১২৩টি শহরের মধ্যে ঢাকার অবস্থান শীর্ষে উঠে আসে।

সকাল সাড়ে ৯টায় প্রকাশিত এই সূচকে ঢাকার বায়ুমান স্কোর ছিল ২৭৫, যা নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত। এই অবস্থায় বিশেষ সতর্কতা হিসেবে জানালা বন্ধ রাখা এবং বাইরে বের হলে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়, যার স্কোর ২৩৬। পাকিস্তানের করাচি তৃতীয় স্থানে রয়েছে ২৩৪ স্কোর নিয়ে। এদের বাতাসের মানও ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

একিউআই স্কোর ০-৫০ হলে তা ভালো, ৫১-১০০ মাঝারি এবং ১০১-১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ১৫১-২০০ হলে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১-৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়।

বায়ুমান সূচকের এই মাত্রা শিশু, প্রবীণ এবং অসুস্থদের জন্য বিশেষভাবে ক্ষতিকর। এ অবস্থায় বিশেষজ্ঞরা বাড়ির ভেতরে থাকার এবং বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিয়েছেন।