নিউজ ডেস্ক:
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে সীমান্তে বাড়ানো হয়েছে সর্বোচ্চ সতর্কতা। এর অংশ হিসেবে ভারি মেশিনগান ও অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে বিজিবি সদস্যরা দিন-রাত টহল দিচ্ছেন।
সম্প্রতি সিলেট সীমান্ত এলাকা পরিদর্শনে দেখা যায়, বিজিবি সদস্যরা বাংকারে অবস্থান নিয়ে ভারি মেশিনগান হাতে সতর্ক পাহারায় রয়েছেন। রাতের বেলায়ও একাধিক দলে বিভক্ত হয়ে দুর্গম পথে টহল দিচ্ছেন তারা। সীমান্তবর্তী এলাকাগুলোতে স্থলপথে যেমন পায়ে হেঁটে পাহারা দেওয়া হচ্ছে, তেমনই ঝোপঝাড় পেরিয়ে মোটরসাইকেল কিংবা আধুনিক এটিপি (অল-টেরেইন ভেহিকল) ব্যবহার করা হচ্ছে।
বিজিবির অভিযানে সফলতা
৫ আগস্টের পর থেকে সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ১০ জন ভারতীয় অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধ পারাপারের সময় ধরা পড়েছে আরও ৪৫ জন। একই সময়ে জব্দ করা হয়েছে কোটি কোটি টাকার চোরাচালান পণ্য।
সীমান্ত সংলগ্ন গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, আগে সীমান্তপথে পণ্য আসা-যাওয়া হতো, কিন্তু বিজিবির কড়া নজরদারির কারণে এখন তা বন্ধ হয়ে গেছে।
সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল হক জানান, বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্ত এলাকায় চেকপোস্ট বাড়ানো হয়েছে। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান বলেন, “সীমান্ত রক্ষায় সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করা হচ্ছে। চোরাচালান, অনুপ্রবেশ কিংবা সীমান্ত অপরাধে কোনো ছাড় দেওয়া হবে না।”