নিউজ ডেস্ক:
নোয়াখালীর মাইজদী শহরের হর্কাস মার্কেটে শনিবার (১১ জানুয়ারি) রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত পৌনে ১২টার দিকে মার্কেটে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট, তবে এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা জামাল হোসেন জানান, হঠাৎ মার্কেটে আগুনের ফুলকি দেখতে পান এলাকাবাসী। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের সূত্রপাত কোন দোকান থেকে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ভয়াবহ এ অগ্নিকাণ্ডে প্রায় ২০-২৫টিরও বেশি দোকান পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়দের মতে, ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে চৌমুহনী ফায়ার সার্ভিস থেকে আরও তিনটি ইউনিট যুক্ত হয়। মোট আটটি ইউনিট এখন পর্যন্ত আগুন নেভাতে কাজ করছে।
মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইয়াছিন মোল্লা জানিয়েছেন, আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের কারণ সম্পর্কে এখনই কিছু বলা সম্ভব নয়। বিষয়টি তদন্তাধীন।