নিউজ ডেস্ক:
জুলাই মাসের গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ জনের মরদেহের সন্ধান পাওয়া গেছে। মরদেহগুলো বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে রাখা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মরদেহগুলোর মধ্যে ৫ জন পুরুষ এবং ১ জন ৩২ বছর বয়সী নারী রয়েছেন। এদের মধ্যে মাত্র একজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তার নাম এনামুর। ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে তিনি উপর থেকে পড়ে মারা গেছেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, শাহবাগ থানার নিখোঁজ ডায়েরির তথ্যের সঙ্গে এই মরদেহগুলোর কোনো মিল পাওয়া যায়নি। কেউ নিখোঁজ থাকলে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে। মরদেহগুলোর পরিচয় শনাক্ত এবং তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার কাজ অব্যাহত থাকবে বলে জানানো হয়।