নিউজ ডেস্ক:
সরকার চলতি ২০২৪-২৫ অর্থবছরে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং সম্পূরক শুল্ক বৃদ্ধি করেছে। গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে এ সংক্রান্ত দুটি অধ্যাদেশ জারি করা হয়েছে। এর ফলে এসব পণ্য ও সেবার খরচ উল্লেখযোগ্য হারে বাড়বে।
নতুন সিদ্ধান্তের ফলে ভ্যাট বৃদ্ধির কারণে দাম বাড়তে পারে টিস্যু, সিগারেট, সফট ড্রিংকস, ব্র্যান্ডের কাপড়, বিদেশি ফল, ইন্টারনেট সেবা, মোবাইল ফোনে কথা বলার বিল, ভ্রমণ খরচ এবং হোটেল-রেস্তোরাঁর খাবারের মতো একাধিক পণ্য ও সেবার।
শুল্ক ও কর বৃদ্ধির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বাদাম, আম, কমলালেবু, আঙুর, আপেল, নাশপাতি, ফলের রস, তাজা ফল, রং, ডিটারজেন্ট, মদের বিল, চশমার ফ্রেম (প্লাস্টিক ও মেটাল), রিডিং গ্লাস, সানগ্লাস, বৈদ্যুতিক ট্রান্সফরমার ও তাতে ব্যবহৃত তেল, বিদ্যুতের খুঁটি, সিআর কয়েল এবং জিআই তার। এছাড়া আন্তর্জাতিক ভ্রমণ খরচেও কর বৃদ্ধি করা হয়েছে।
গত ১ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রস্তাব পাস করা হয়। আইন মন্ত্রণালয়ের মতামত ও রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে তা অধ্যাদেশ আকারে বাস্তবায়ন করা হয়েছে। সংসদ অধিবেশন না থাকায় সরকার এই সিদ্ধান্ত অধ্যাদেশের মাধ্যমে কার্যকর করেছে।