নিউজ ডেস্ক:
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) হঠাৎ করেই ফ্যামিলি কার্ডের পণ্য তালিকা থেকে চাল সরবরাহ বন্ধ করেছে। খাদ্য অধিদপ্তর থেকে চাল সরবরাহ না পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে টিসিবি। এছাড়া হাতে লেখা কার্ড পরিবর্তন করে স্মার্ট কার্ড চালুর কারণে জানুয়ারি মাসে অন্তত ৩৭ লাখ কার্ডধারী টিসিবির কোনো পণ্যই পাচ্ছেন না।
টিসিবির তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘‘খাদ্য অধিদপ্তর ডিসেম্বর পর্যন্ত চাল সরবরাহ করেছে। জানুয়ারিতে চাল সরবরাহ না পাওয়ায় এ মাসে চাল দেওয়া সম্ভব হচ্ছে না।’’ তিনি জানান, খাদ্য অধিদপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে। চাল সরবরাহ পুনরায় পেলে বিক্রিও শুরু হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের জুলাই থেকে টিসিবি প্রতি ফ্যামিলি কার্ডের বিপরীতে ৩০ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল সরবরাহ করছিল।
এদিকে, বুধবার রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকায় স্মার্ট কার্ডে পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, ‘‘আগে টিসিবি কার্ডের মাধ্যমে পণ্য বিতরণে নৈরাজ্য ও দুর্নীতির অভিযোগ ছিল। সেই সমস্যার সমাধান হিসেবে স্মার্ট কার্ডের মাধ্যমে পণ্য বিতরণ চালু করা হলো। আজ থেকে কাগজের কার্ড ব্যবস্থাও বাতিল হলো।’’
তিনি আরও জানান, ‘‘এখন পর্যন্ত ৬৩ লাখ স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। আরও ৩৫ থেকে ৪০ লাখ কার্ড বিতরণ প্রক্রিয়াধীন।’’
টিসিবি কর্মকর্তারা জানিয়েছেন, জানুয়ারিতে সর্বোচ্চ ৬৩ লাখ গ্রাহক পণ্য কিনতে পারবেন। বাকি কার্ডধারীদের এনআইডি ও অন্যান্য তথ্য যাচাই করে নতুন কার্ড ইস্যু করা হবে।